বান্দরবান প্রতিনিধি-
বান্দরবানের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে টিকেট জালিয়াতি, নিয়মবহির্ভূত ভাড়া দেওয়া এবং অনৈতিক সুবিধা গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মচারী কনক সেনের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পর্যটকদের সঙ্গে কথা বলে এসব অভিযোগের সত্যতা মিলেছে।
টাকা নিলেও টিকেট কম দেওয়া দর্শনার্থীরা জানান, কাউন্টারে টাকা দেওয়ার পর অনেক সময় টিকেট কম দেওয়া হয় অথবা টিকেট ছাড়াই প্রবেশ করিয়ে দেওয়া হয়। এতে নিয়মিতভাবে উল্লেখযোগ্য পরিমাণ টাকা ব্যক্তিগতভাবে হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা মো. শামসুল ইসলাম বলেন, “টাকা নেন ঠিকই, কিন্তু টিকেট দেন কম—এটা প্রায়ই হয়।”
রেস্ট হাউস ভাড়া ও ‘অনৈতিক সুবিধা’ জেলা প্রশাসনের রেস্ট হাউস মূলত সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিদের ব্যবহারের জন্য। তবে অভিযোগ রয়েছে, অতিরিক্ত টাকা নিলে কনক সেন নিয়মবহির্ভূতভাবে রেস্ট হাউস ব্যক্তিদের কাছে ভাড়া দেন। স্থানীয়দের দাবি, রাতে বাড়তি অর্থের বিনিময়ে লেকে মাছ ধরার অনুমতিও দেওয়া হয়।
পিকনিক দলগুলোর কাছেও অতিরিক্ত অর্থ দাবি
পিকনিক করতে আসা কয়েকটি দল অভিযোগ করেন, নির্ধারিত ফি পরিশোধের পরও ব্যক্তিগতভাবে অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা না দিলে বলা হয়,
“জায়গা খালি নেই।”
অভিযোগ বিষয়ে জানতে কনক সেনের ফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে কল কেটে দেন।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) এস. এম. হাসান বলেন, “অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর বাংলাদেশ ডেস্ক : 






















