মোঃ ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি-
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নৃশংস হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মধ্যরাতে তীব্র বিক্ষোভ ও ধাবিতি মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ঠিক ১২টার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা ক্ষোভে ফেটে পড়েন। রাত গভীর হতেই গাইবান্ধা শহরের বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করা হয়। মুহূর্তেই পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।
পরবর্তীতে সেখান থেকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি ধাবিতি মিছিল বের করা হয়। মিছিলটি গাইবান্ধা সংলগ্ন সড়ক হয়ে ডিবি রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ ও মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতাকর্মীসহ গাইবান্ধা এনসিবির মনোনীত এমপি প্রার্থী দিবস এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনোভাবেই সাধারণ মৃত্যু নয়; এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে বিক্ষোভ চলাকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
খবর বাংলাদেশ ডেস্ক : 






















