মোঃ ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি-
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম (৩০)-এর ওপর আকস্মিক হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়িত বলে দাবি করেছেন ভুক্তভোগী। হামলার ঘটনায় তিনি শনিবার (গতকাল) দুপুরে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হামলাকারীরা হলেন—স্থানীয় আওয়ামী লীগের নেতা ইকবাল হোসেন ডিপটি (৫৮), ছাত্রলীগ নেতা সৌরভ মন্ডল (২৭), সৈকত মন্ডল (২৫), রিয়াজুল জান্নাত সোহাগ (৩৭), মিজানুর রহমান (২৬), রিয়াদ মিয়া (২৭), রায়হান মিয়া (৩৬) ও সিহাব মিয়া (২৩)। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজন হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত। একসময় তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্বও পালন করেন। ওই সময় থেকেই ইউনিয়নের কতিপয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে বিভিন্নভাবে হুমকি ও হামলার চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার দিকে প্রয়োজনীয় কাজে মোটরসাইকেলযোগে মহিষবান্দি এলাকার ‘গোফফারের মোড়’-এ পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী তার গতিরোধ করে। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের মুখে তার মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে আরিফুল ইসলাম ও তার সঙ্গে থাকা মনজুরুল ইসলামকে মারধর করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে আহত আরিফুল ইসলামকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।
খবর বাংলাদেশ ডেস্ক : 






















