শরীয়তপুর প্রতিনিধি-
শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে এবং জাতীয় দৈনিক প্রথম আলো ও দি ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শরীয়তপুরে কর্মরত সাংবাদিকরা।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে শরীয়তপুর প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ধারাবাহিকভাবে হামলা, হুমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো ও দি ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। সেই স্তম্ভকে দুর্বল করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এ ধরনের সহিংস কর্মকাণ্ড পরিকল্পিতভাবে চালানো হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সাংবাদিকদের উপর সংঘটিত সব হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে এবং দোষীদের বিচার নিশ্চিত না হলে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
খবর বাংলাদেশ ডেস্ক : 






















