গাজীপুর প্রতিনিধি |
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ১৯টি খাল পর্যায়ক্রমে খনন করে সেগুলোকে প্রবাহমান রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের জোন-২ এর পূবাইল এলাকায় মিরের বাজার মসজিদ রোডের মনিরের দোকান থেকে ট্রাস্ট ব্যাংক সড়ক পর্যন্ত ব্রিক ড্রেনসহ সিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট ১৯টি খাল রয়েছে। পর্যায়ক্রমে এসব খাল খনন করে সেগুলো প্রবাহমান রাখা হবে, যাতে জলধারা চলমান থাকে এবং কোথাও জলাবদ্ধতা বা দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, নাগরিকদের দ্রুত ও কার্যকর সেবা দিতে সিটি কর্পোরেশন প্রশাসন কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে নিয়মিত সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
স্ট্রিট লাইট বিষয়ে তিনি জানান, যেখানে লাইট স্থাপন করা আছে কিন্তু বাল্ব নষ্ট হয়েছে সেগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। আর যেসব স্থানে এখনো লাইট স্থাপন করা হয়নি, সেখানে নতুন করে লাইট স্থাপন করা হবে।
মশা নিয়ন্ত্রণে প্রতিটি জোনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী ও সুবিধাভোগীদের রাস্তা নির্মাণকাজের মান ঠিক আছে কিনা তা নজরদারি করার আহ্বান জানান।
গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে নির্মাণকাজটি করছে ডিজিকম এলায়েন্স ইন্টারন্যাশনাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, পূবাইল জোনাল অফিসের ইঞ্জিনিয়ার আমান, এ সময় পূবাইল থানা বিএনপির বিভিন্ন নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com