নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি |
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখী যাত্রী ও যানবাহন পারাপার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটির দুই প্রান্ত দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত) মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৩৯০টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩ হাজার ৪৯৫টি গাড়ি। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৭০০ টাকা।
সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেশি থাকলেও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ। বিশেষ করে মোটরসাইকেলের জন্য আলাদা লেন থাকায় পারাপার অনেকটা নির্বিঘ্ন হচ্ছে। দ্রুত টোল আদায় ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকে যানজট মুক্তভাবে সব গাড়ি পার হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com