রেজাউল মোল্লা |
গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়, গাজীপুর এ মেলার আয়োজন করে। মেলায় ৯০টি স্টলে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগক্তাদের নানা পণ্যসামগ্রী প্রদর্শিত হবে।
উদ্বোধনী এক সভায় সংসদ সদস্য রনি সকলকে বিদায়ী ১৪৩২ বঙ্গাব্দ এবং নতুন বছর ১৪৩৩-এর শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা নতুন বছরের উদ্দীপনা নিয়ে সবার জীবনকে রাঙিয়ে তুলতে কাজ করে যাচ্ছি।”
যুব সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আমরাও মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি। যুব সমাজকে সুস্থ ধারার সংস্কৃতি ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে পেশাদার খেলোয়াড়দের জন্য বিশেষ অ্যানাউন্স কার্ডের উদ্বোধন করা হয়েছে।”
কৃষি খাতের উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে এমপি রনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামীকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী টাঙ্গাইল সফর করবেন এবং সেখান থেকে দেশব্যাপী কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।
নববর্ষের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “আগামীকাল সকাল ১০টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আমি নিজেও উপস্থিত থাকব। এছাড়া সন্ধ্যায় ‘এশেজ’ ব্যান্ডের কনসার্টসহ সপ্তাহজুড়ে নানা আয়োজন থাকবে।” সকলকে এসব অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে সবাইকে নিয়ে সাদা পায়ড়া ও বর্ণিল বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. তাহেরুল হক চৌহান এবং জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে সংসদ সদস্য রনি’র সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরীসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
খবর বাংলাদেশ ডেস্ক : 




















