ফরিদপুর প্রতিনিধি-
এইখানে তোর দাদীর কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে”
ফরিদপুরে নানা আয়োজনে পল্লী কবি জসীম উদ্দিনের ১২৩ তম জন্মদিন পালিত হয়েছে। পল্লীকবির জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও ফরিদপুর জসীমউদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে নানা কর্মসুচি গ্রহণ করা হয়েছে ।
দিনটি উপলক্ষে ফরিদপুর শহরতলীর অম্বিকাপুর কবির সমাধিস্থলে সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা পুলিশ, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর সাহিত্য পরিষদ, ফরিদপুর জেলা শিক্ষা অফিস, সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এসময় ফরিদপুর জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামরুল হাসান মোল্লা, ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলির পরে পল্লী কবির আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, পল্লীকবি জসীম উদ্দীন ১৯০৩ সালের ১লা জানুয়ারি ফরিদপুর সদর উপজেলায় কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে তার নানার বাড়ি জন্মগ্রহণ করেছিলেন।
পল্লীকবির অমর সৃষ্টির মধ্যে রয়েছে, নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, রাখালী, বালুচর প্রভৃতি। তার সাহিত্যকর্ম বাংলার গ্রামীণ জীবন, সংস্কৃতি ও প্রকৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে, যা তাঁকে 'পল্লীকবি' উপাধি এনে দিয়েছে। তিনি ১৯৭৬ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com