নাদিম হায়দার, মুন্সীগঞ্জ |
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষকদের আধুনিক ও সহজ কৃষিসেবা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং ৪০০ জন উপকারভোগী কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, সিরাজদিখানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি কৃষিসেবা দ্রুত ও সহজে পাবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন কৃষি প্রণোদনা, ভর্তুকি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা আরও স্বচ্ছ ও সহজলভ্য হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম কৃষক কার্ডের প্রয়োজনীয়তা, নিবন্ধন প্রক্রিয়া এবং এর মাধ্যমে কৃষকদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে কৃষক কার্ডধারী ৪০০ জন উপকারভোগী কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত কৃষকরা কৃষক কার্ড কার্যক্রমকে কৃষকদের জন্য একটি সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সিরাজদিখান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, বিভিন্ন গণমাধ্যমকর্মী, কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com