এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মা মেডিকেল হল-কে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে বিশ্বাস মেডিকেল হল-কে ১ হাজার টাকা এবং শাহ আলম স্টোর-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় লাইভ বেকারি-কে ৩ হাজার টাকা এবং রাকিব স্টোর-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, “নাচনমহল বাজারে কয়েকটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য ও ওষুধ সরবরাহে অনিয়ম রোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com