হানিফ সরদার, জয়পুরহাট |
গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিত করা এবং আর্থিক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী হাট বাজারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মেসার্স হাবিবুর ট্রেডার্স-২ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ অনুষ্ঠানে মোলামগাড়ী হাট ও আশপাশের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক গ্রাহক অংশগ্রহণ করেন। ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করা এবং ডিজিটাল লেনদেনে নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জামিল আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাগত বক্তব্য দেন মোলামগাড়ী হাট এজেন্ট শাখার এজেন্ট হানিফ সরদার। তিনি তাঁর বক্তব্যে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন আধুনিক সেবা ও সুবিধা তুলে ধরে বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ, সঞ্চয়ী ও মেয়াদি আমানত (এফডিআর) খোলা, অর্থ জমা ও উত্তোলনসহ নানা ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। তিনি গ্রাহকদের আমানতের শতভাগ নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে সকলকে নিরাপদ ও নিয়মিত ব্যাংকিং সেবার আওতায় আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন কমপ্লায়েন্স ম্যানেজার মোঃ ইমতিয়াজ আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সেলস ম্যানেজার মোঃ হাবিবুর রহমান।
আলোচনায় অতিথিবৃন্দ ডিজিটাল ব্যাংকিংয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পিন ও ওয়ান টাইম পাসওয়ার্ড গোপন রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত গ্রাহকরা ব্যাংকিং সেবা, আমানত, ঋণ, ডিজিটাল লেনদেন ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। অতিথিরা তাদের প্রশ্নের সরাসরি উত্তর ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় কয়েকজন গ্রাহক ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার সহজলভ্যতা, দ্রুততা ও নির্ভরযোগ্যতার প্রশংসা করে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। দেশ, জাতি এবং সকল গ্রাহকের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দুপুরে সফলভাবে শেষ হয় এ সচেতনতামূলক আয়োজন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com