শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী থানাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও জনবান্ধব সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর প্রত্যক্ষ নেতৃত্বে গত ৩ আগস্ট বিকেলে থানা প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওসি (তদন্ত) আব্দুস সালাম, থানার বিভিন্ন এসআই, এএসআই, কনস্টেবল এবং অন্যান্য পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযানের শুরুতেই ওসি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে সবাই সম্মিলিতভাবে থানা চত্বর, প্রশাসনিক ভবন, অফিস কক্ষ, হাজতখানা, প্রবেশপথ, ড্রেনেজ ব্যবস্থা ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। একই সঙ্গে জমে থাকা আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, "পরিচ্ছন্নতা একটি সভ্য ও সেবামুখী প্রতিষ্ঠানের অন্যতম পরিচয়। থানায় সেবা নিতে আসা প্রতিটি মানুষ যেন পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ। এটি একদিনের কর্মসূচি নয়; ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হবে।"
ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেন, "পরিচ্ছন্ন কর্মপরিবেশ দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলে। থানার প্রতিটি সদস্যকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্বুদ্ধ করা হয়েছে। জনগণের আস্থা ও সেবার মান বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অভিযান শেষে থানার কর্মকর্তা ও সদস্যরা পরিচ্ছন্নতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্থানীয় সচেতন মহল কালিহাতী থানার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, জনসেবামূলক প্রতিষ্ঠানে এমন কার্যক্রম সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com