মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ণাঢ্য আয়োজনে বরগুনায় পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা বিএনপির উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিজান টাওয়ারের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান মাহফুজ। এসময় জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, "ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সেই আন্দোলন আরও বেগবান করার শপথ নিতে হবে।"
নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, "আমতলী, তালতলীসহ দূর-দূরান্ত থেকে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এটি প্রমাণ করে তৃণমূল বিএনপি আজও ঐক্যবদ্ধ ও দুর্দমনীয়। ভেদাভেদ ভুলে ঐক্যই হবে আমাদের বিজয়ের পথ। কোনো ষড়যন্ত্রই আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না।"
পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা এবং শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com