মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনার আমতলী পৌরসভার বহুল আলোচিত কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়মের প্রমাণ মিলেছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
এ সময় তিনি ধসে পড়া ওয়াকওয়ে সহ পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং ব্যবহৃত রড, বালু ও সিমেন্টের নমুনা সংগ্রহ করেন।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, "প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। নমুনাগুলো ল্যাবে পাঠানো হবে। রিপোর্ট পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনার প্রশ্নের উত্তরে বিভাগীয় কমিশনার বলেন সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা খুবই দুঃখজনক, একজন সাংবাদিক চাইলে সকল রকম তথ্য সংগ্রহ করতে পারেন - সেখানে তাকে লাঞ্ছিত করা হলে বাংলাদেশের প্রচলিত আইনে তিনি অভিযোগ বা মামলা করলে তাকে সকল ধরনের সহযোগিতা করা হবে।
জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডির অধীনে ১২ কোটি ৫৬ লাখ টাকার এ প্রকল্পের কাজ পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স। তবে স্থানীয়দের অভিযোগ, লাইসেন্স ইসলাম ব্রাদার্সের হলেও পেছনে থেকে কাজ করাচ্ছিলেন সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান।
ইসলাম ব্রাদার্সের মালিক খাইরুল আজাদ নিজেই স্বীকার করেছেন, "আমার লাইসেন্সে কাজ নেওয়া, কিন্তু কাজ করছেন সাবেক মেয়র।"
সম্প্রতি ওয়াকওয়ের ঢালাই দেওয়ার সময় একটি অংশ ধসে পড়লে অনিয়মের বিষয়টি সামনে আসে। যদিও প্রকৌশলীরা সেন্টারিংয়ের ত্রুটিকে কারণ বলছেন, তবে স্থানীয়রা পুরো প্রকল্পের মান যাচাইয়ের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com