জয়পুরহাট প্রতিনিধি |
“ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করুন”—এমন জনসচেতনতামূলক বার্তা সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে নানা কর্মসূচির মধ্য দিয়ে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর সকাল ৯টায় ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির প্রাঙ্গণে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, নির্বাচিত ডায়াবেটিস রোগীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব, স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল, রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন।
ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাফেউল হাদী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ্, মেডিকেল অফিসার (সিভিল সার্জন অফিস) ডা. আহসান, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. মো. নুর আলম সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিমসহ সংশ্লিষ্টরা।
আলোচনায় বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি বহুল পরিচিত দীর্ঘমেয়াদি রোগ। তবে সচেতনতা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, পরিমিত খাবার এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে ডায়াবেটিসের ইতিহাস থাকলে নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, ডায়াবেটিসকে অবহেলা করলে হৃদ্রোগ, কিডনি জটিলতা, চোখের সমস্যা, স্নায়ু ক্ষতিসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই রোগের লক্ষণ দেখা দেওয়ার অপেক্ষা না করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে চিকিৎসক, ডায়াবেটিস রোগী, সমিতির সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com