মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনা জেলার মধ্যে প্রথমবারের মতো কোনো উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলো। সেই গৌরব অর্জন করলো আমতলী উপজেলা।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান। এ সময় পুরো পরিষদ চত্বর কিশোর-কিশোরী, শিক্ষক, কাজী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।
এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশে ছিল দুটি বেসরকারি সংস্থা — নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, "আজ থেকে আমতলীতে কোনো বাল্যবিবাহ হবে না, এটাই আমাদের অঙ্গীকার। শুধু ঘোষণা দিলেই হবে না, এটা বাস্তবায়নে কাজী, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবক সবাইকে একসাথে কাজ করতে হবে।"
সভায় সভাপতিত্ব করেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি তদন্ত সঞ্জয় কুমার দত্ত, ওয়ার্ল্ড ভিশনের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুবেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির ও সদস্য সচিব মো.তুহিন মৃধা, গণমাধ্যম কর্মীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে ২০০ জনেরও বেশি মানুষ শপথ নেন - "বাল্যবিবাহকে না বলবো, সুন্দর সমাজ গড়বো"।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com