
মাদক নির্মূলে কেবল প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন একটি জোরালো সামাজিক আন্দোলন। এ লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিংগাইর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জননিরাপত্তা বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলার সুদৃঢ় রক্ষার্থে সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন প্রধান অতিথি।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় আরও বক্তব্য দেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সফিউদ্দিন, কৃষি কর্মকর্তা কিশোর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. আশরাফ আলী, উপজেলা ফায়ার সার্ভিস প্রতিনিধি মো. রতন মিয়া এবং সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস।
এ সময় বিভিন্ন দপ্তরের উপজেলা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সফল সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com