মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
মাদকমুক্ত বরগুনা গড়ার প্রত্যয়ে আবারও বড় সফলতা দেখালো জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) মহোদয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় ৪টি পৃথক অভিযানে ৫ মাদক কারবারি ও কুখ্যাত হানি ট্র্যাপ চক্রের ২ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে ডিবি।
অভিযানগুলোতে সরাসরি নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ পিপিএম।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রথম অভিযানটি চালানো হয় সদরের গৌরিচন্না ইউনিয়নের পশ্চিম ধূপতি গ্রামে। ডিবির এসআই মোল্লা মোঃ জামাল উদ্দিনের টিম সেখানে হানা দিয়ে ২১ পিস ইয়াবা, বিক্রির ৬৪০ টাকা ও একটি মিশুক গাড়িসহ স্বপন ও তারেক নামে দুই মাদক কারবারিকে আটক করে।
এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৮টায় কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকায় দ্বিতীয় অভিযানে বড় চালান ধরা পড়ে। এসআই মঞ্জুরুল হাসানের টিম "কাওসার স্টোর" এর সামনে চেকপোস্ট করে রুবেল সিকদার (৩৪) কে আটক করে। তার কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা, ৯ পিস ইয়াবা এবং একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।
একই রাতে তৃতীয় অভিযানটি ছিল চাঞ্চল্যকর। সদর এলাকায় হানি ট্র্যাপ বা মধু ফাঁদ পেতে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করা চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে ডিবি। এসআই গোলাম হাফেজের নেতৃত্বে ভুক্তভোগীর লুণ্ঠিত মোবাইলসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় বরগুনা থানায় ১০৯/৩৮৪/৩৮৫/৫০৬ ধারায় মামলা (নং-২০) রুজু হয়েছে।
এছাড়া জাকিরতবক এলাকায় রাত্রিকালীন চেকপোস্টে আরও ২ মাদকসেবীকে আটক করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মুকিত হাসান বলেন, বরগুনায় কোনো মাদক তৈরি হয় না, সবই বাহিরের জেলা থেকে আসে। তাই শুধু বরগুনার ব্যবসায়ী নয়, বাইরের সাপ্লাইয়ারদেরও আইনের আওতায় আনা হচ্ছে। মাদকের টাকায় কেনা সম্পদও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
মাদক ও প্রতারণামুক্ত নিরাপদ বরগুনা গড়তে ৯৯৯ অথবা নিকটস্থ থানায় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com