মো: রাসেল মিয়া |
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ইয়াবাসহ দুজনকে আটকের পর তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টায় রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে এসআরবি-১, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকাশ হোসেন (২৩), মো. রাজিব (২৩), মো. নাজমুল হোসেন নাদিম ও শিউলি আক্তার সুমি (৩৫)। রোববার (১৮ অক্টোবর) গাজীপুর মহানগরীর সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের কবরস্থানের পাশের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্ত থেকে ইয়াবাসহ আনিছ (১৯) ও শিমলা আক্তার ওরফে বৃষ্টি (২২) নামের দুজনকে আটক করে রেলওয়ে পুলিশ। তাঁদের ছিনিয়ে নিতে এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত ১৬ অক্টোবর এটিএসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা করেন।
মামলার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে এসআরবি-১। এসআরবির সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আকাশ হোসেন ও মো. রাজিব মামলার এজাহারনামীয় আসামি। অন্য দুজন নাজমুল হোসেন নাদিম ও শিউলি আক্তার সুমিকে তদন্তে পাওয়া সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিএমপির সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com