মো:রাসেল মিয়া |
গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওষুধ খাইয়ে পাঁচ মাসের গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগও উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরজন পলাতক।গ্রেপ্তারকৃতরা হলেন- আহাদ (২২), নজরুল (৪৫) ও শামীম (৪২)। পলাতক অভিযুক্তের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য জানান।
পরিবারের অভিযোগ, একই গ্রামের চার ব্যক্তি পর্যায়ক্রমে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে অভিযুক্তদের একজন বিষয়টি বুঝতে পেরে ওষুধ খাইয়ে ভুক্তভোগীর গর্ভে থাকা পাঁচ মাসের গসন্তান নষ্ট করেন। এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) রাতে শিশুটির মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ করেন।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বুধবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে আহাদ, নজরুল ও শামীমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অভিযুক্ত পালিয়ে যান।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষাসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com