গত ৪ নভেম্বর মাগুরা পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, দুই মামলায় মোট ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কিন্তু কোন মামলায় কতটুকু উদ্ধার হলো, সেই হিসাব নিয়ে বিভিন্ন প্রতিবেদনে মিলছে না।
এক প্রতিবেদন অনুযায়ী, ডাকাতির মামলায় উদ্ধার হয়েছে ৯ ভরি ৭ আনা ৫ রতি ওজনের একটি তেজাবি কাটা স্বর্ণের বার, আর হত্যা মামলায় পাঁচটি বারে ৫১ ভরি ৯ আনা। আবার আরেক প্রতিবেদনে হত্যা মামলার হিসাব বলা হয়েছে ৫১ ভরি ১২ আনা। অন্যদিকে আরেক সূত্রে পাঁচটি বার ও একটি খণ্ডিত টুকরোর হিসাব মিলিয়ে আসে ৫৩ ভরি ৪ আনা।
প্রশ্ন আরও বাড়ে লুটের পরিমাণের সঙ্গে মেলাতে গেলে। পুলিশের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর রামনগরে ডাকাতি হয়েছিল প্রায় ১৫০ ভরি স্বর্ণ। সেখানে উদ্ধার ৬১ ভরি ৬ আনা হলে বাকি প্রায় ৮৯ ভরি স্বর্ণ কোথায়, সে বিষয়ে সংবাদ সম্মেলনে স্পষ্ট কোনো হিসাব আসেনি।
পুলিশ বলছে, দুই মামলায় মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন এবং উদ্ধার হয়েছে বুলেট, খালি কার্তুজ, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার। কিন্তু উদ্ধার স্বর্ণের ভাঙা হিসাব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে — পুলিশের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com