
তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে দেশব্যাপী বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। ইউনিয়ন পর্যায় থেকে ১০-১৪ বছর বয়সের শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট-এই ১০টি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের লিখিত জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ কথা বলেন। এর আগে সংসদ সদস্য তার প্রশ্নে উল্লেখ করেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সরকারের কী পরিকল্পনা রয়েছে, তা জানতে চান তিনি।
প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণ, মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছে। এর আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম ও প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com