
রাজধানীর শাহআলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ করতে গিয়ে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন একাধিক সেবাগ্রহীতা। কখনো সার্ভার সমস্যার অজুহাত, কখনো কম্পিউটার নষ্ট, আবার কখনো জনবল সংকটের কথা বলে সেবা নিতে আসা মানুষকে বাইরে থেকে জিডি ও অভিযোগ লিখে আনার পরামর্শ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, থানার আশপাশে গড়ে ওঠা বিভিন্ন কম্পিউটারের দোকানে জিডি ও অভিযোগ লিখতে ২০০ থেকে ৫০০ টাকা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ফলে আইনি সহায়তা নিতে এসে সাধারণ মানুষকে বাড়তি অর্থ ব্যয় ও হয়রানির মুখে পড়তে হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো সমস্যা নিয়ে শাহআলী থানায় গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কেউ কেউ তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনতে চান না। দ্রুত কথা শেষ করে জিডি করতে চাইলে বলা হয়, ‘অনলাইনে লিখে নিয়ে আসেন, আমাদের সার্ভারে সমস্যা।’ আবার কখনো বলা হয়, ‘কম্পিউটারে সমস্যা, বাইরে থেকে লিখে নিয়ে আসুন।’এভাবে একের পর এক অজুহাতে সাধারণ মানুষকে থানার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একাধিক সেবাগ্রহীতার দাবি, থানার আশপাশের কিছু কম্পিউটারের দোকানকে কেন্দ্র করে এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয়েছে। থানায় জিডি বা অভিযোগ করতে আসা মানুষ বাধ্য হয়ে এসব দোকান থেকে আবেদন লিখিয়ে নিচ্ছেন। এ ক্ষেত্রে নির্ধারিত কোনো মূল্যতালিকা না থাকায় ইচ্ছামতো টাকা আদায়ের অভিযোগও উঠেছে।
এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বিপদে পড়ে থানায় যাই পুলিশের সহায়তা নিতে। কিন্তু সেখানে গিয়ে যদি আমাদের কথা শোনা না হয়, নানা অজুহাতে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? পুলিশের কাছে সেবা পাওয়া যদি এত কঠিন হয়, তাহলে বিপদের সময় আমরা কার কাছে আশ্রয় নেব?”এ ছাড়া থানায় দায়িত্ব পালনরত কয়েকজন নারী পুলিশ সদস্যের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেছেন কেউ কেউ। তাঁদের দাবি, প্রয়োজনীয় বিষয়ে কথা বলতে গেলে কখনো কখনো এমন আচরণের শিকার হতে হয়, যা একজন সাধারণ নাগরিকের জন্য বিব্রতকর ও অসম্মানজনক।
তবে ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর বিষয়গুলো তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু থানার অন্যান্য পর্যায়ের সেবা ও আচরণ নিয়ে তাঁদের অসন্তোষ রয়ে গেছে। প্রশ্ন উঠেছে, একটি থানায় যদি সাধারণ মানুষ জিডি কিংবা অভিযোগ করতে গিয়েই হয়রানির শিকার হন, তাহলে পুলিশের জনবান্ধব সেবার প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে? পুলিশ জনগণের বন্ধু—এই স্লোগানকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে। কিন্তু শাহআলী থানাকে ঘিরে ওঠা এসব অভিযোগ সত্য হলে তা নিঃসন্দেহে উদ্বেগজনক। এ অবস্থায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জরুরি দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। তাঁদের দাবি, শাহআলী থানায় সেবাগ্রহীতাদের সঙ্গে কর্মকর্তাদের আচরণ, জিডি ও অভিযোগ গ্রহণের প্রক্রিয়া এবং থানার আশপাশের কম্পিউটারের দোকানগুলোতে অর্থ আদায়ের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। সাধারণ মানুষের প্রশ্ন—থানা যদি জনগণের সেবার জায়গা হয়, তাহলে সেই সেবা পেতে কেন বাইরে গিয়ে টাকা খরচ করতে হবে? কেন একজন বিপদগ্রস্ত নাগরিককে নিজের অভিযোগ জানাতেও বারবার বিড়ম্বনায় পড়তে হবে? শাহআলী থানার সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com