
পৌষ-মাঘের শীত পুরোপুরি জেঁকে বসার আগেই রাজধানীর কাঁচাবাজারগুলোতে ভরপুর হয়ে উঠেছে শীতকালীন সবজিতে। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো নতুন সবজির সরবরাহ বাড়ায় বেশ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। তবে নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।
আজ শুক্রবার রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ৬ ও মিরপুর ৬০ ফিট এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে দেখা যায়, বড় আকারের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপির দাম ৩০ থেকে ৩৫ টাকা। প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় কয়েকটি পণ্যের দাম কমেছে। বড় আকারের ফুলকপির দাম আগের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কমেছে। মুলার দামও কেজিতে ২০ টাকা পর্যন্ত কমে বর্তমানে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে আগামী দিনে এসব সবজির দাম আরও কমতে পারে বলে আশা করছেন তারা।
বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। সপ্তাহ দেড়েক আগেও নতুন আলুর প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ১২০ টাকায় নেমেছে। তবে পুরোনো আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায়। নতুন ও পুরোনো আলুর দামে এখনো বড় ব্যবধান রয়েছে।
এদিকে কাঁচা মরিচের দামেও স্বস্তি ফিরেছে। আগে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। শীতের সবজির সরবরাহ বাড়ার পাশাপাশি কাঁচা মরিচের দাম কমে আসায় ক্রেতাদের খরচ কিছুটা কমেছে।
বাজারে নতুন মৌসুমের দেশি টমেটোও উঠতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা টমেটো ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের শুরু হওয়ায় দেশি টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি।
অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি ঢেঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম রয়েছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। বিভিন্ন ধরনের শাকের মধ্যে প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বাজারে কয়েকটি পণ্যের দাম কিছুটা কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও কাঁচা মরিচের দাম আগের তুলনায় কমায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে সব ধরনের সবজির দাম এখনো ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। টমেটো ও বেগুনের মতো কয়েকটি সবজি কিনতে এখনো বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
ক্রেতা জাহিদুল ইসলাম বলেন, বাজারে তেমন কোনো পণ্যের দামই কম নেই। বাড়তি দামের কারণে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। যতটুকু সম্ভব অল্প অল্প করে কিনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, ডিসেম্বরে দাম কমবে, তখন আবার জানুয়ারির কথা বলবেন। কিন্তু সাধারণ মানুষের তো প্রতিদিনই বাজার করতে হয়। আয় যেমনই হোক, খাবার কিনে খেতে হবে।
বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বাজারে কয়েকটি পণ্যের দাম কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও মুলার সরবরাহ বাড়ায় এসব সবজির দাম আগের তুলনায় কমেছে। তবে সবজির দাম নির্ভর করছে পাইকারি বাজারে কেনা দাম ও সরবরাহের ওপর।
সবজি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, কয়েক দিন আগের তুলনায় এখন বাজারে শীতের সবজি বেশি আসছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও মুলার সরবরাহ বেড়েছে। এ কারণে এসব সবজির দাম কমেছে। নতুন আলুও বাজারে উঠতে শুরু করেছে। শুরুতে দাম বেশি থাকলেও এখন আগের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। এ ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।
মুরগির বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগির কেজি ২৩০ থেকে ২৪০ টাকা।
অন্যদিকে, ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম প্রতি ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাছের বাজার আগেই মতোই চড়া। গত সপ্তাহের মতোই আকারভেদে রুই মাছ কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া তেলাপিয়া ২০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা ও পাপদা মাছ ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com