
যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ যেন পান শেখ হাসিনা। সেটিও নিশ্চিত করতে চায় ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।
ভারতীয় নীতিনির্ধারকরা চেয়েছিলেন শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তা সম্ভব হয়নি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে ভারত। এছাড়া নয়াদিল্লি মনে করে, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’ ভারত চায় আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com