মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর কিছুদিন পর তার স্ত্রী শাহীনা আক্তারের দায়ের করা পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর দীর্ঘদিন ধরে তার স্বামী মিজানুর রহমান আখন্দ তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন এবং নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।
শাহীনা আক্তার বলেন, “বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছেন না। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং ভরণপোষণও দিচ্ছেন না। দীর্ঘদিন নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমি আমার আইনগত অধিকার ও ন্যায়বিচার চাই।”
তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মিজানুর রহমান আখন্দের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com