মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় |
পঞ্চগড়ের বোদায় বসতবাড়িতে চুরির অভিযোগে আটক এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এতে গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (১৫ নভেম্বর) ভোররাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাজমুল হক বিশারু (৬০)। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে লস্করপাড়া গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে গিয়ে আটক হন নাজমুল। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সদস্য হিসেবে মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com