মুফতি ইদ্রিসুর রহমান |
কোলের ছোট মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিলেন এক মা। বরগুনার বামনায় টমটমের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেলেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বামনা উপজেলার হলতা ডৌয়াতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ সংলগ্ন বামনা-পাথরঘাটা সড়কে এই ঘটনা ঘটে।
নিহত ওই মায়ের নাম আসমা বেগম (৩৫)। তিনি বামনা উপজেলার গুদিঘাটা এলাকার মো. মন্নান মিয়ার মেয়ে। ডৌয়াতলা এলাকার গাজী প্রিক্যাডেট স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, সকালে ছোট মেয়েকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছিলেন আসমা। এ সময় দ্রুতগতিতে আসা ইট-বালুবাহী একটি টমটম তাঁকে ধাক্কা দেয়। ধাক্কায় মেয়েসহ সড়কে ছিটকে পড়েন তিনি।
পড়ে গিয়েও মেয়েকে বুকের মধ্যে আগলে রাখেন আসমা। মেয়েকে চাকার নিচ থেকে সরিয়ে দিতে গিয়েই নিজে টমটমের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভাগ্যক্রমে মেয়েটি প্রাণে বেঁচে যায়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। চালক মো. জাহিদকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পরে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালককে আটক করা হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করেছে এবং মরদেহ উদ্ধার করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একজন মা ও শিক্ষিকার এমন মৃত্যুতে ডৌয়াতলা ও গুদিঘাটা এলাকায় শোক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com