স্টাফ রিপোর্টার, গাজীপুর |
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইলসহ বিভিন্ন মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি, বাঘের বাজার, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-জয়দেবপুর সড়কের তিন সড়ক এলাকাতেও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
অন্যদিকে, কোনাবাড়ী এলাকায় ইসলাম ও রিপন গার্মেন্টসে শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তারা সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন, শ্রমিকরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার ৭০টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com