রেজাউল মোল্লা |
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য, নাশকতা এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর জননেতা খায়রুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বলেন, “আজকে নবগঠিত সরকার দেশকে নতুন সংকটের দিকে ধাবিত করছে। চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার গণআকাঙ্ক্ষা এবং ৭০ শতাংশ জনগণের গণরায়কে উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণেই আজকের এই সংকট তৈরি হয়েছে। সরকার গঠনের নয় মাস যেতে না যেতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কয়েকদিন পর পর তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে দেশের মানুষের জনজীবন আজ বিপর্যস্ত।”
জাতীয় ঐক্যের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে মহানগর আমীর বলেন, “সরকার বর্তমানে যে ঐক্যের কথা বলছে, সেই ঐক্য তখনই হবে যদি জুলাই সনদ মেনে নেওয়া হয়। চব্বিশের গণআকাঙ্ক্ষার ভিত্তিতেই ঐক্য হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বৃহত্তর কল্যাণে যেকোনো ঐক্য স্থাপনে ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ। তবে শর্ত হলো—অবশ্যই জুলাই সনদ এবং গণভোটকে মেনে নিতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মুহাম্মদ হোসেন আলী, মহানগর সহকারী সেক্রেটারি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর কর্মপরিষদ সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, আফজাল হোসাইন, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরের সভাপতি ইয়াসমিন আরাফাত এবং গাছা থানা আমীর মিয়াজ উদ্দিন মাস্টার।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য আবুসীনা নুরুল ইসলাম মামুন, মাওলানা সাখাওয়াত হোসাইন, টঙ্গী পূর্ব থানা আমীর আব্দুল লতিফ, টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসাইন, বাসন থানা আমীর আকরাম হোসেন, কাশিমপুর থানা আমীর ফরহাদ হোসাইন, কোনাবাড়ী থানা আমীর মইনুল হোসেন, পূবাইল থানা আমীর অ্যাডভোকেট শামীম মৃধা এবং সদর মেট্রো থানা নায়েবে আমীর জালাল উদ্দিনসহ মহানগর ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com