বাবুল হোসেন, পঞ্চগড় |
কুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ। তবু উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ কমছে না। রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে খোলা জায়গায় ও সড়কে চলাচলকারী মানুষের কাছে শীতের তীব্রতা বেশি মনে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে রোদের তাপ বাড়লেও বাতাসের কারণে শীতের অনুভূতি থাকছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। আগের দিনগুলোর মতো সকালে কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের দাপট ছিল। সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের শীত উপেক্ষা করেই চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই শীত বাড়তে থাকে। রাতভর ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় ভোরে বেশি শীত লাগে। সকালে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি কমছে না।
পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার বাসিন্দা মশিউর রহমান বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীত অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোরে ও সকালে বেশি ঠান্ডা লাগে। আজ সকালে কুয়াশা না থাকলেও বাতাসের কারণে শীত থেকে রেহাই মিলছে না।
দিনমজুর খয়বর বলেন, সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হতে হয়। কয়েক দিন ধরে সকালে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আজ কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসে কাজ করতে কিছুটা কষ্ট হচ্ছে। বেলা বাড়লে রোদের তাপে অবশ্য কিছুটা স্বস্তি পাওয়া যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com