আবুল কাশেম |
রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় ছাত্রদল নেতা আল আমীনের রিকশার গ্যারেজ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমীনের রিকশার গ্যারেজ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় শাহআলী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমীন বলেন, ‘কে বা কারা আজ আমার রিকশার গ্যারেজে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে, তা আমি জানি না। আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব হোসেন বলেন, ‘দেশ ও জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com