মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী,মুরাদনগর (কুমিল্লা) |
স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন গ্রামে ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ মানবিক কর্মসূচি গত ১৬,আজ ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী পরিচালিত হয়।
সংগঠনের একদল স্বেচ্ছাসেবী প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসচ্ছল পরিবারের হাতে ইফতার সামগ্রীর প্যাকেট পৌঁছে দেন। আর্থিকভাবে সংকটাপন্ন পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানানো হয়।
প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি আলু, ১ কেজি ছোলা বুট, ১ কেজি সাদা বুট, ১ কেজি চিনি, আধা কেজি খেজুর, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ৫ প্যাকেট ট্যাং, আধা কেজি মুড়ি ও আধা কেজি বেসনসহ মোট ১০টি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। প্রতি প্যাকেটের আনুমানিক মূল্য প্রায় ১,০০০ টাকা। সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে তালিকাভুক্ত পরিবারের হাতে সরাসরি এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা জানান, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে স্মাইল ফাউন্ডেশন বিডি ধারাবাহিকভাবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
ইতোমধ্যে প্রায় এক হাজার মানবিক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। বিশেষ করে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের খরচ বহনের মতো উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রমজান মাসজুড়ে পর্যায়ক্রমে আরও বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় শিশুদের নিয়ে সম্মিলিত ইফতার কর্মসূচির আয়োজন করা হবে।
এছাড়াও, ইফতারের পূর্ব মুহূর্তে যারা কর্মব্যস্ততা বা পেশাগত কারণে রাস্তায় অবস্থান করেন এবং সময়মতো বাসায় ফিরতে পারেন না, তাদের জন্য “ইফতার রোড কর্মসূচি” নামে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মাসব্যাপী গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ইফতার প্যাকেট বিতরণ করা হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, এতিম ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়াতেই এ ধারাবাহিক মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
খবর বাংলাদেশ ডেস্ক : 





















