মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ |
জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ আবু সাঈদ মুন্না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান গিয়াস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান গিয়াস বলেন, জনগণের মতামত ও গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের বৃহত্তর স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন করা সময়ের দাবি। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে আন্দোলন অব্যাহত রাখতে হবে।
সভাপতির বক্তব্যে মোঃ আবু সাঈদ মুন্না বলেন, দেশের মানুষের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটাতে জুলাই সনদ ও গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা উচিত।
বক্তারা বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ় করা সম্ভব। এ লক্ষ্যে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনগণের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফতুল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 









