মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |
কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহত হয়েছেন আরজুনা (৩৫)। তিনি উপজেলার ২০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বাসিন্দা শফিক মাঝির মেয়ে। ঘটনার পর অভিযুক্ত স্বামী জামাল শিকদার পালিয়ে গেছেন।
সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে পাহাড়পুর ইউনিয়নের শফিক মাঝির বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোদানাইল গ্রামের রশিদ শিকদারের ছেলে জামাল শিকদারের সঙ্গে আরজুনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাল শিকদার শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। তাদের সংসারে জান্নাত (১৭) ও ইয়াসিন আরাফাত (১১) নামে দুই সন্তান রয়েছে।
জানা গেছে, জামাল শিকদার একটি মাছের প্রজেক্টে কাজ করতেন। সোমবার সকালে মাছের প্রজেক্টে খাবার দিয়ে বাড়িতে ফিরে দুপুরের খাবার প্রস্তুত না পেয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে জামাল শিকদার ধারালো দা দিয়ে আরজুনাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা যায়।
ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক জামাল শিকদারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 






















