গাজীপুর প্রতিনিধি |
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিনে অশেষ শুভেচ্ছা জানানোর পাশাপাশি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত গৌরবোজ্জ্বল সাফল্য প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কিউএস প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৭ এবং টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৭- এ গাকৃবির উল্লেখযোগ্য অবস্থান অর্জনের সাফল্যও প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেন তিনি। ২০ নভেম্বর (শুক্রবার) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের ভাওরাইদস্থ আলহাজ্ব আব্দুল মালেক মেম্বার হিফজ মাদরাসা ও এতিমখানায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এ সাফল্য উৎসর্গের ঘোষণা দেন উপাচার্য। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের গৌরবোজ্জ্বল অর্জন তাঁকে উৎসর্গ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ও ‘করব কাজ, গড়ব দেশ: সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রের সঙ্গে একাত্ম হয়ে গাকৃবি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিটি অর্জনই একটি উন্নত, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের সঙ্গে সম্পৃক্ত।” তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি আমাদের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার এক অনন্য রাষ্ট্রীয় অর্জন। প্রধানমন্ত্রীর জন্মদিনে এসব সাফল্য তাঁকে উৎসর্গ করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।” অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে উপাচার্য বলেন, আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে (গাকৃবি)। একই র্যাঙ্কিংয়ে গাকৃবি বিশ্বে ৯৩১তম এবং এশিয়ায় ৩২২তম স্থান অর্জন করেছে। অন্যদিকে পরিবেশগত গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ৫৮৫তম। আবার যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা ও গবেষণাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৭-এ দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অধিকার করে গবেষণায় সেন্টার অব এক্সিলেন্স খ্যাত গাকৃবি। প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের অর্জন উৎসর্গের পাশাপাশি উপাচার্য তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘‘তাঁর জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে তাঁর নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।” তিনি আরও বলেন, “দেশের কল্যাণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এবং যাবে—এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, মাদরাসার শিক্ষকবৃন্দ এবং হিফজসহ ইসলামী শিক্ষার বিভিন্ন স্তরে অধ্যয়নরত ৪৬ জন এতিম শিশু উপস্থিত ছিলেন। পরে মাদরাসার প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপাচার্য নিজ হাতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 























