হানিফ সরদার, জয়পুরহাট |
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি ফসলি ধানক্ষেত থেকে নূর মোহাম্মদ রাব্বি (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নশিরপুর এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাব্বি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের খলিলুর প্রামাণিকের ছেলে। সে ব্যাটারিচালিত অটোভ্যান চালাত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় রাব্বি। রাতে বাড়ি না ফেরাই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
২১ নভেম্বর (শনিবার) সকালে তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতের খালা তাহিমা ও পরিবারের অন্য সদস্যরা মরদেহটি রাব্বির বলে শনাক্ত করেন।
পিরব গ্রামের শাকিল জানান, রাব্বি পেশায় ইজিবাইকচালক ছিল। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামুর বাজার থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার নানির বাড়ি বেলগন্জায় যাওয়ার কথা থাকলেও সেখানে যায়নি।
রাব্বির নানা শফিকুল বলেন অনেক খোঁজাখুঁজি করেও নাতির সন্ধান না পেয়ে শিবগঞ্জ থানায় জিডি করি। শনিবার সকালে জানতে পারি ক্ষেতলালের নশিরপুর সাদলাপাড়া এলাকার একটি ফসলি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান নিখোঁজের ঘটনায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, কিশোরের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 





















