জয়পুরহাট প্রতিনিধি |
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার আক্কেলপুর ও জয়পুরহাট সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টা ২০ মিনিটের দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর বাজারে মেহেদী অটোজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এ সময় মোছা. সম্পা আক্তার ববি (৩০) নামের এক নারীকে আটক করা হয়। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চক শুকানগাড়ী এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। পরে তার কাছ থেকে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে জয়পুরহাট সদর পৌরসভার এসপি অফিস মোড়ে নুরী এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে মো. মেহেদী হাসান (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরতকিডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 




















