মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
কবরস্থান দখল করে রিসোর্ট নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাগান পাড়া গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কবরস্থান রক্ষার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষদের কবরস্থান বেদখল করে সেখানে “জঙ্গল ভিলা” নামে একটি রিসোর্ট নির্মাণের চেষ্টা চলছে, যা সম্পূর্ণ অবৈধ, অনৈতিক ও অমানবিক। তারা বলেন, কবরস্থান শুধু একটি জায়গা নয়, এটি তাদের পারিবারিক ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িত।
বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে তারা এ কবরস্থান ব্যবহার করে আসছেন। হঠাৎ করে একটি পক্ষ জোরপূর্বক জায়গাটি দখল করে সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে অবৈধ দখল বন্ধ এবং কবরস্থান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।
খবর বাংলাদেশ ডেস্ক : 




















