চাঁদপুর এর ইলিশের সুনাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার অভিযোগে একটি সক্রিয় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নড়াইল সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মির্জাপুর গ্রামের মো: আকাশ শেখ (২০), মো: ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) এবং মো: লিমন মোল্যা (২২)।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর এবং অনলাইন পণ্য বিক্রয় নামে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে আসছিল। এসব পেজে তারা চাঁদপুরের আসল ইলিশ কম দামে বিক্রির প্রলোভন দেখিয়ে সাধারণ ক্রেতাদের আকৃষ্ট করত। পরে বিকাশ বা নগদের মাধ্যমে অগ্রিম টাকা গ্রহণের পর ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।
সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদারের নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিশেষ অভিযানের মাধ্যমে চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, ভুয়া নামে নিবন্ধিত ১৩টি সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অসংখ্য মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর বাংলাদেশ ডেস্ক : 






















