জয়পুরহাট প্রতিনিধি |
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুর ২টার সময় আক্কেলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিহারপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার পূর্ব রাজকান্দা গ্রামের শ্রী গোপাল চন্দ্রের ছেলে শ্রী শ্যামল (৩৮)।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিহারপুর পূর্বপাড়া এলাকায় শ্যামলের পরিচালিত একটি ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়।
ডিবি পুলিশের দাবি, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জয়পুরহাট জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 




















