এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বরিশাল ও কাটাখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি রাজাপুর উপজেলার চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে সংঘটিত পৃথক দুটি ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানায় পৃথক দুটি ডাকাতি মামলা দায়ের করা হয়। এরপর আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে মাঠে নামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী এলাকার মো. ইউনুচ মৃধার ছেলে মো. জুয়েল মৃধা (৪২), বাদুরতলী এলাকার মো. জামাল গাজীর ছেলে মো. রাশেদুল হোসেন (২৫), মিরুখালী এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে মো. হাসান হাওলাদার (৩০) এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাশবুনিয়া এলাকার মৃত মনেজ সিকদারের ছেলে মো. শাহ আলম সিকদার (৪৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর থানায় গত ১৯ জুলাই দায়ের করা ১৬ নম্বর ডাকাতি মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বরিশাল সদরের বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। অন্যদিকে, ২২ জুলাই দায়ের করা ১৮ নম্বর ডাকাতি মামলার আসামি শাহ আলম সিকদারকে কাটাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর চার আসামিকে রাজাপুর থানায় সোপর্দ করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, “পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 






















