মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনার তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামে লিমন সিকদারের ভাড়া বাসা থেকে দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ৫ জনকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
তালতলী থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাইদুল ইসলাম বলেন, “স্থানীয় জনতার সহায়তায় পিস্তল ও গুলিসহ ৫ জনকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের রিয়াজ কাজীর বাসা লিমন সিকদারের কাছে ভাড়া দেওয়া। গত রোববার ওই বাসায় কয়েকজন লোক আসে। এরপর ৩ দিন ধরে তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি ও কথাবার্তায় সন্দেহ হলে বুধবার দুপুরে স্থানীয়রা লিমনের বাসায় যায়।
এ সময় জিহাদ খাঁন (৩৫) পিস্তল উঁচিয়ে স্থানীয়দের ধাওয়া করে। পরে জনতা তাকে সহ হৃদয় মোল্লা (২৫), অনিক মজুমদার (২৫), লিমন সিকদার (২৮) ও জামাল মল্লিককে (২৭) আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেনঃ
১. জিহাদ খাঁন (৩৫): পিতা আলম খাঁন, গ্রাম কাঁঠালতলী, লোহাগড়া, নড়াইল
২. হৃদয় মোল্লা (২৫): পিতা মো. মোকলেচ মোল্লা, গ্রাম আমড়াঝুড়ি, বরগুনা সদর
৩. জামাল মল্লিক (২৭): পিতা শাহ আলম মল্লিক, গ্রাম আমড়াঝুড়ি, বরগুনা সদর
৪. লিমন সিকদার (২৮): পিতা লিটন সিকদার, গ্রাম নিশানবাড়িয়া, কলাপাড়া, পটুয়াখালী
৫. অনিক মজুমদার (২৫): পিতা সঞ্জয় মজুমদার, গ্রাম নিশানবাড়িয়া, কলাপাড়া, পটুয়াখালী।
তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, “স্থানীয়দের সহায়তায় দেশীয় পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ৫ জনকে আটক করা হয়েছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 



















