এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠিতে নৌযান শুমারি-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। র্যালিতে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) খালেদ রাশেদুল হাসানসহ জেলা প্রশাসন, পরিসংখ্যান কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালির মাধ্যমে নৌযান শুমারি-২০২৬-এর উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি পরিচালিত হচ্ছে। এ শুমারির আওতায় সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা ও কাঠামোগত বৈশিষ্ট্যসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে নৌযান খাতের একটি সমন্বিত ডাটাবেইজ তৈরি করা হবে।
জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ঝালকাঠিতে নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। মাঠপর্যায়ে CAPI পদ্ধতিতে তথ্য সংগ্রহের পাশাপাশি জিপিএস লোকেশন ট্র্যাকিং এবং রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে শুমারি কার্যক্রম তদারকি করা হবে।
সংশ্লিষ্টরা জানান, নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের সঠিক চিত্র পাওয়া যাবে। সংগৃহীত তথ্য নৌপরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন, নৌযানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নৌদুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 



















