মিরপুরে পাঁচ লেগুনাস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, নেপথ্যে বিপ্লব-মজিবর-তৈয়ব চক্র! মালিক সমিতির নামে প্রতিদিন আদায় ৫০ হাজার টাকার বেশি, বিপ্লবের দাবি—‘এই টাকা রাষ্ট্র পরিচালনার কাজে ব্যয় হয়’রাজধানীর মিরপুরের শাহ আলী ও দারুস সালাম থানা এলাকায় পাঁচটি লেগুনাস্ট্যান্ড ঘিরে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বিপ্লব, মজিবর ও তৈয়বসহ একটি চক্রের বিরুদ্ধে। মালিক সমিতির নাম ব্যবহার করে এসব স্ট্যান্ড থেকে প্রতিদিন ৫০ হাজার টাকারও বেশি অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিযোগ রয়েছে, শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার এবং প্রভাব বিস্তারের মাধ্যমে লেগুনার মালিক ও চালকদের কাছ থেকে প্রতিদিন গাড়িপ্রতি নির্ধারিত হারে টাকা আদায় করা হচ্ছে। এ ঘটনায় পরিবহন মালিক ও চালকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
পাঁচ রুটে প্রতিদিন চলছে টাকা আদায়:
সরেজমিন অনুসন্ধান এবং সংশ্লিষ্ট লাইনম্যানদের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন রুটে গাড়িপ্রতি নির্ধারিত হারে টাকা আদায় করা হচ্ছে। আদায়ের তালিকায় উঠে এসেছে—
১. সোয়াস পরিবহন, রূপনগর রুট: লাইনম্যান মামুনের মাধ্যমে গাড়িপ্রতি প্রতিদিন ৩২০ টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
২. এপার-ওপার রুট: লাইনম্যান আহমদের মাধ্যমে গাড়িপ্রতি ২৫০ টাকা আদায় করা হচ্ছে বলে জানা গেছে।
৩. ১ নম্বর স্ট্যান্ড থেকে পর্বত-মাজার রোড: লাইনম্যান বাবুলের বিরুদ্ধে গাড়িপ্রতি ২৫০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
৪. মাজারের সামনে থেকে চারাবাগ রুট: এ রুটে গাড়িপ্রতি ১৭০ টাকা আদায়ের তথ্য পাওয়া গেছে।
৫. চারাবাগ রুট: সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ রুটে গাড়িপ্রতি ১৫০ টাকা এবং অতিরিক্ত ১৭০ টাকাসহ মোট ৩২০ টাকা আদায় করা হচ্ছে। এ ক্ষেত্রে লাইনম্যান শফিকের নাম উঠে এসেছে।
সংশ্লিষ্ট লাইনম্যানদের বক্তব্য অনুযায়ী, এসব অর্থ মালিক সমিতির নামে সংগ্রহ করে বিপ্লবের কাছে জমা দেওয়া হয়। তবে অর্থ আদায়ের বৈধতা, প্রকৃত হিসাব এবং কোথায় কীভাবে এসব টাকা ব্যয় হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বিপ্লবের বক্তব্যে নতুন প্রশ্ন:
অভিযোগের বিষয়ে মিরপুর হালকা যানবাহন মালিক সমিতির সভাপতি বিপ্লবের সঙ্গে মুঠোফোনে কথা বলেন প্রতিবেদক। এ সময় তিনি পাঁচটি রুটে টাকা আদায়ের বিষয়ে উত্থাপিত তথ্যের কথা স্বীকার করেন বলে প্রতিবেদকের দাবি। একই সঙ্গে তিনি বলেন, আদায় করা এসব টাকা রাষ্ট্র পরিচালনার কাজে ব্যয় হচ্ছে।
তবে রাষ্ট্র পরিচালনার কাজে কীভাবে, কার মাধ্যমে এবং কোন প্রক্রিয়ায় এই অর্থ ব্যয় করা হচ্ছে—এমন প্রশ্নের সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি প্রতিবেদককে সরাসরি তাঁর কার্যালয়ে গিয়ে কথা বলার অনুরোধ জানান।
বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনের তদন্ত দাবি:
পরিবহন সংশ্লিষ্টদের প্রশ্ন, মালিক সমিতির নামে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ আদায়ের বৈধ অনুমোদন রয়েছে কি না? থাকলে সেই অর্থের হিসাব কোথায়? চালক ও গাড়ির মালিকদের কাছ থেকে আদায় করা অর্থের বিপরীতে কোনো রসিদ দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
ভুক্তভোগীদের দাবি, মালিক সমিতির নামে জোরপূর্বক অর্থ আদায় বন্ধে ডিএমপির ট্রাফিক বিভাগ, সংশ্লিষ্ট থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তদন্ত প্রয়োজন। একই সঙ্গে অর্থ আদায়ের বৈধতা, আদায়কারীদের ভূমিকা এবং অর্থের প্রকৃত গন্তব্য খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
অনুসন্ধান চলমান—ফলোআপ পর্ব- ১
পাঁচটি লেগুনাস্ট্যান্ডে অর্থ আদায়ের অভিযোগ, সংশ্লিষ্ট লাইনম্যানদের ভূমিকা, প্রতিদিনের মোট আদায়ের পরিমাণ এবং অর্থের গন্তব্য নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরিবহন মালিক, চালক, সংশ্লিষ্ট সমিতির অন্যান্য কর্মকর্তা এবং প্রশাসনের বক্তব্য সংগ্রহের চেষ্টা চলছে।
পরবর্তী পর্বে উঠে আসবে অর্থ আদায়ের প্রকৃত হিসাব, মালিক সমিতির অনুমোদন এবং এই অর্থের বণ্টন ও ব্যবহারের বিষয়ে আরও বিস্তারিত তথ্য।
প্রিন্ট
আবুল কাশেম : 























