গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি |
নাটোরের গুরুদাসপুরে প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড একাডেমিক কেয়ারের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. রাশিদুল ইসলাম রাসেল।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নাটোর সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক) সহকারী শিক্ষক মো. রাজু আহমেদ, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি মো. আয়নাল হক এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা।
বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও সুন্দর জীবন গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকেরাও তাঁদের বিভিন্ন মতামত, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিদায়বেলার আবেগঘন পরিবেশে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 




















