মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
বান্দরবান-এ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে শেষ হলো পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর জমজমাট সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।
বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার ও স্কোরার এসোসিয়েশন-এর আয়োজনে, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা-র সহযোগিতায় এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-এর বাস্তবায়নে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রানার-আপ হয় টিম রিদম রয়্যালস। চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. হাসান এবং সহকারী ক্যাপ্টেন ছিলেন মো. আয়নাল, যাদের কৌশলী নেতৃত্বে দলটি শিরোপা জয়ে সক্ষম হয়।
ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিল উজ্জ্বলতা—ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ রাফি, যিনি ব্যাট-বল উভয় দিকেই অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
দলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা। এছাড়া সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ফকিরের আন্তরিক সহযোগিতা পুরো আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরি, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, বান্দরবানের খেলাধুলার উন্নয়নে তিনি সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন এবং জেলার মেধাবী খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে ধরতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এভাবেই বান্দরবানকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মো: নাছির উদ্দিন। তিনি বলেন, জেলা পরিষদ সবসময় খেলাধুলার পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
আরও বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার আব্দুর রহিম। তিনি বলেন, তিনি নিজেও একজন ক্রীড়াবিদ এবং সবসময় চান তরুণরা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুক। তিনি চলমান মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করে সবাইকে মাঠমুখী হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তার দায়িত্বকালীন সময়ে এই মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। সফল এই আয়োজন বান্দরবানের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
খবর বাংলাদেশ ডেস্ক : 
























