মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি |
কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, এক বোতল বিদেশি মদ ও মাদক বিক্রয়ের নগদ ৪১ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারি, মাদক সেবনকারী ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে আরও দুইজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) বাঙ্গরা বাজার থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, মুরাদনগর সার্কেলের সার্বিক সহযোগিতায় এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে উপজেলার ২ নম্বর আকুবপুর ইউনিয়নের বলিঘর এলাকার কেরামত আলীর বাড়িতে অভিযান চালিয়ে লিটন মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে তার শয়নকক্ষ থেকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া একই ইউনিয়নের গাজীপুর এলাকায় সালাম শাহ মাজারের সামনে পলাতক আসামি শাহপরানের দোকানঘরের উত্তর পাশের কোণ থেকে এক বোতল বিদেশি মদ ও মাদক বিক্রয়ের নগদ ৪১ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি ইউনুছ (৪৫) ও ইয়াকুব আলী (৬০)-এর নামও উঠে এসেছে। তারা বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
এদিকে মাদক সেবনরত অবস্থায় হাসান (২১), রাজু মিয়া (২৪), মোবারক হোসেন (৪৫), মোজাম্মেল হক (৩২), ইকবাল হোসেন (৩০), আনোয়ার (৪৫), হেলাল (২৪), ফারুক (২২) ও সজল (৩০)-কে থানার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 

























