জয়পুরহাট প্রতিনিধি |
মাত্র দুটি ছাগলের পাঠা দিয়ে শুরু। সেই উদ্যোগ ধীরে ধীরে রূপ নিয়েছে বাণিজ্যিক খামার ও প্রজনন কেন্দ্রে। ছাগল পালন ও প্রজনন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রান্তিক নারী উদ্যোক্তা বিউটি বেগম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেন।
বিউটি বেগম ক্ষেতলাল উপজেলার বজরবরাহী গ্রামের তোতা মিয়ার স্ত্রী। স্বামীকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে তোতাপুরী ও রাম জাতের দুটি ছাগলের পাঠা দিয়ে প্রজনন কার্যক্রম শুরু করেন তাঁরা। শুরুর সেই উদ্যোগকে এগিয়ে নিতে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসো’র আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পান। পরে উন্নত জাতের ছাগল যুক্ত করে গড়ে তোলেন বাণিজ্যিক খামার ও প্রজনন কেন্দ্র। তাঁদের নিরলস প্রচেষ্টায় উদ্যোগটি ধীরে ধীরে সফলতার মুখ দেখে।
বিউটি বেগমের এ সাফল্য উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের নজরে এলে তাঁকে সফল উদ্যোক্তা হিসেবে জাতীয় পর্যায়ে মনোনীত করা হয়। পরবর্তী সময়ে সারাদেশের উদ্যোক্তাদের মধ্যে ছাগল পালন ও প্রজনন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি স্বর্ণপদকের জন্য নির্বাচিত হন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বিউটি বেগম মুঠোফোনে বলেন এ পদক আমাকে আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করবে। পুরস্কারের সঙ্গে পাওয়া নগদ অর্থ আমার ছাগলের পাঠার খামারের উন্নয়নে কাজে লাগাব।
ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া বলেন, সারাদেশে আটটি ক্যাটাগরিতে ২৩ জন সফল উদ্যোক্তাকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ক্ষেতলালের বিউটি বেগম কাজের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক অর্জন করেছেন।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 



















