গত অর্থবছরে মাগুরায় সাংস্কৃতিক ব্যক্তিদের জন্য সরকারের বরাদ্দ করা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার অনুদান বিতরণকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি শুরু হয়েছে। জেলার একাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্বের অভিযোগ, অনুদানপ্রাপ্তদের বড় একটি অংশ নিয়মিত কোন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয়। এমনকী কিছু সংগঠন কেবল কাগজে-কলমে রয়েছে বলেও দাবি তাদের। অন্যদিকে শিল্পকলা অ্যাকাডেমি বলছে, চূড়ান্ত তালিকা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে আসে এবং তারা সরকারি নির্দেশনা অনুযায়ী কেবল অনুদান বিতরণ করে থাকেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের শিল্পকলা শাখা থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে মাগুরা জেলার ৮০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্য ১৩ লাখ ৪০ হাজার টাকা এবং জন প্রতি ১৬ হাজার ৭ শত ৫০ টাকা হারে বরাদ্দ দিয়ে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পত্র পাঠানো হয়েছে। ৮০ জনের মোট অনুদানের পরিমাণ ১৩ লাখ ৪০ হাজার টাকা। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর জেলা প্রশাসন অনুদানের চেক বিতরণ কার্যক্রম শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্প-সংস্কৃতির বিকাশে প্রতিবছর দেশের বিভিন্ন জেলার সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠনকে অনুদান দিয়ে আসছে সরকার। আবেদন গ্রহণের জন্য সাধারণত সেপ্টেম্বর মাসে জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ব্যক্তিপর্যায়ে আবেদনপত্রে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিবরণ, আবেদনকারীকে চেনেন এমন দু’জন বিশিষ্ট ব্যক্তির পরিচয়সহ ১৫টি তথ্য দিতে হয়। অন্যদিকে, সংগঠনের ক্ষেত্রে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য, গত এক বছরের কার্যক্রম, আয়োজিত অনুষ্ঠানের সচিত্র প্রমাণ, নিবন্ধনসহ ১৩টি তথ্য সংযুক্ত করতে হয়। আবেদনপত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক অথবা জেলা শিল্পকলা অ্যাকাডেমির কর্মকর্তার সুপারিশ বাধ্যতামূলক। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত ৯ সদস্যের কমিটি আবেদন যাচাই-বাছাই করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা অনুমোদিত হয়।
তবে এবারের অনুদান তালিকা প্রকাশের পর সাংস্কৃতিক অঙ্গনে অসন্তোষ দেখা দিয়েছে। কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের দাবি,৮০ জন অনুদানপ্রাপ্ত ব্যক্তির মধ্যে অনেকেই নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন। একইভাবে এদের বছরেও কোনো কার্যক্রম নেই এবং জ্জ জন বছরে মাত্র একটি করে অনুষ্ঠান আয়োজন করেন। অভিযোগ রয়েছে, ৩/৪ জনরে প্রতিষ্ঠানের কেবল কাগজে-কলমে সক্রিয় থেকে সরকারি অনুদান পাচ্ছে।
একইভাবে ৮০ জন সাংস্কৃতিক ব্যক্তির মধ্যে মাত্র ৮ থেকে ১০ জন সক্রিয়, বাকি সব নিষ্ক্রিয় এবং বাকিদের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন রয়েছে বলে প্রকৃত সাংস্কৃতিক ব্যক্তিরা উল্লেখ করেন। তারা আরও প্রশ্ন তোলেন, বছরের পর বছর কীভাবে যাচাই-বাছাই ছাড়াই ভুয়া ব্যক্তিরা অনুদানের তালিকায় স্থান পাচ্ছে এবং এ প্রক্রিয়ায় কারা ভূমিকা রাখছেন?
অনুদানপ্রাপ্ত ব্যক্তি ও সংগঠনের চূড়ান্ত তালিকা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে আসে। জেলা শিল্পকলা অ্যাকাডেমি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী কেবল অনুদান বিতরণের কার্যক্রম পরিচালনা করা হয়। তবে অনুদানপ্রাপ্ত ব্যক্তি বা সংগঠন নিয়ে যদি কোনো অনিয়ম, অসঙ্গতি বা অভিযোগ থাকে, তাহলে তথ্য-প্রমাণসহ তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলে বিষয়টি পর্যালোচনা করা সহজ হবে। ভবিষ্যতে যাতে প্রকৃত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সক্রিয় সংগঠনগুলো যথাযথভাবে মূল্যায়িত হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা হবে।
মাগুরার প্রকৃত সাংস্কৃতিক ব্যক্তিদের সন্দেহ, পক্ষপাতিত্ব বা অন্য কোনো প্রভাবের কারণে তালিকার মধ্যে ৮/১০ ছাড়া বাকি ভুয়া ব্যক্তিদের নাম সুপারিশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। চূড়ান্ত তালিকায় কোন ব্যক্তির সংগঠনের নাম নেই, যাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে জেলার মূলধারার সংস্কৃতিকর্মীরাও অবগত নন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত চিত্র তুলে ধরে ভুয়া ব্যক্তিদের বাতিল করার জন্য প্রকৃত সাংস্কৃতিক ব্যক্তিরা অনুরোধ করেন।’
প্রিন্ট
মাগুরা প্রতিনিধি : 




















